টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ছয় বছরের শিশুকে নির্যাতনের পর ইট দিয়ে মুখমণ্ডলে আঘাতের অভিযোগ; উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে শিশুটিকে।
টুইট প্রতিবেদক; টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে বিপ্লব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে শহরের পার্ক বাজার এলাকায় স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পার্ক বাজার এলাকায় বিপ্লবকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, অভিযুক্তকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।
এদিকে গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস জানান, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
এর আগে শনিবার গভীর রাতে হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে চিকিৎসার খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সব ব্যয়ভার বহনের আশ্বাস দেন। পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন বলে জানান তিনি।
হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী জানান, প্রাথমিক পরীক্ষায় পাওয়া আলামত অনুযায়ী শিশুটিকে ধর্ষণের শিকার হতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তার নাক ফেটে গেছে এবং ঠোঁট, নাক ও মুখে একাধিক সেলাই দিতে হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ীর চতুর্থ তলায় চিপসের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যান অভিযুক্ত বিপ্লব। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ রয়েছে। বাধা দিলে ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন তিনি। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন।






