এইচএসসিতে কোন বোর্ডে পাসের হার কত?

ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৬১.৮০ শতাংশ, সর্বনিম্ন বরিশালে ৪৪.৮৪ শতাংশ

টুইট ডেস্ক : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকায় এবং সর্বনিম্ন বরিশালে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানানো হয়।

বোর্ডভিত্তিক ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ।

এ ছাড়া বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা ছাড়া বাকি আটটি বোর্ডের পাসের হার ৫৩ শতাংশের নিচে। বিশেষ করে বরিশাল, যশোর ও রাজশাহী বোর্ডে পাসের হার ৪৬ শতাংশেরও কম। সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হারের ব্যবধান ১৬ দশমিক ৯৬ শতাংশীয় পয়েন্ট।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭ জন। ফলে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ২৯ হাজার ১৩ জন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে।