আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

সকাল ১১টায় আনুষ্ঠানিক ঘোষণা, অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ফল পাওয়া যাবে

টুইট প্রতিবেদক: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রীর ফল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশের আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে।

যেভাবে জানা যাবে ফলাফল

শিক্ষার্থীরা অনলাইনে দুটি সরকারি ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—

১. eduboardresults.gov.bd

২. educationboardresults.gov.bd

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।

মুঠোফোনে খুদে বার্তায় ফল জানার নিয়ম

মুঠোফোনের মাধ্যমে ফলাফল জানতে প্রথমে HSC লিখে একটি ফাঁকা জায়গা দিতে হবে। এরপর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

যেসব পরীক্ষার্থী প্রকাশিত ফলে সন্তুষ্ট হবেন না, তাঁরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে।

আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা কার্যালয়ে সরাসরি কোনো পরীক্ষার্থীর ফলাফল পাওয়া যাবে না। ফল জানতে নির্ধারিত অনলাইন মাধ্যম, খুদে বার্তা অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে।