ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই: স্বাস্থ্য মহাপরিচালক

হাসপাতালের পাশাপাশি বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান; মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ।
টুইট প্রতিবেদক: দেশে ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেছেন, ডেঙ্গু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ। এ রোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সক্রিয় হতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে শুধু হাসপাতাল পরিষ্কার রাখলেই হবে না, প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো দ্রুত পরিষ্কার করতে হবে। বাড়ির আঙিনা, অলিগলি ও আশপাশে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে।
অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, সরকারের একার পক্ষে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতার মাধ্যমে এ রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।
হাসপাতাল পরিদর্শনকালে তিনি চিকিৎসাসেবার সার্বিক মান, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ ওয়াজেদ আলী, নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এবং সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নূরুল হুদা উপস্থিত ছিলেন।






