ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদূষণ কমানো ও সবুজায়নে কার্যকর পদক্ষেপের কথা জানালেন তারেক রহমান
টুইট ডেস্ক : রাজধানী ঢাকাকে জাপানের টোকিও শহরের মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করা সম্ভব হলে তা হবে বড় ধরনের সংস্কার।
বুধবার সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে সাধারণত ময়লা-আবর্জনা দেখা যায় না। অথচ ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকতে দেখা যায়। এ অবস্থার পরিবর্তন জরুরি। বর্জ্য থেকে জীবাণু ছড়ানোর ঝুঁকি থাকায় নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন পরিবেশ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
মানুষের জীবনমান উন্নয়নে বায়ুদূষণ কমানো, পরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাস্তায় আবর্জনার কারণে মানুষের চলাচলে ভোগান্তি এবং দূষিত বাতাসের কারণে অসুস্থতা যেন না বাড়ে, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংস্কারের সুফল সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়াকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। তাঁর মতে, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সাধারণ মানুষের উপকারে আসবে এমন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকারকে বাধাগ্রস্ত করার পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, সরকারের উদ্যোগগুলো সঠিক মনে হলে সেগুলো বাস্তবায়নে সমর্থন দিতে হবে। তিনি বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন না, বরং জনকল্যাণমূলক কাজের পক্ষে সমর্থন চাচ্ছেন।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসীদের সামনে বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শিশুদের জাপানি ভাষা শেখানো, স্বাস্থ্যসেবা ও খেলাধুলায় দক্ষতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য সহজ করা, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।
এ সময় জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।






