কোন হাতে ছুরি, কোন হাতে কাঁটা চামচ নিতে হয়, জানতাম না: আমজনতার তারেক

জাপান সফরের অভিজ্ঞতা জানাতে গিয়ে খাবার খাওয়ার নিয়ম নিয়ে নিজের অজ্ঞতার কথা তুলে ধরেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তাঁর ডান হাতে কাঁটা চামচ ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে।

টুইট ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফরে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের কথা জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। বিশেষ করে খাবার খাওয়ার সময় ছুরি ও কাঁটা চামচ ব্যবহারের নিয়ম সম্পর্কে আগে তাঁর তেমন ধারণা ছিল না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মো. তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। তাঁকে সফরসঙ্গী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। সফর শেষে দেশে ফেরার পথে বিমানে কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তা যথাযথভাবে সমাধানের পর তাঁরা দেশে পৌঁছেছেন বলে জানান।

জাপানে আবহাওয়া বেশ শীতল থাকলেও দেশে ফিরে গরম অনুভব করছেন বলেও মন্তব্য করেন তিনি।

খাবার খাওয়ার নিয়ম প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মো. তারেক রহমান বলেন, কোন হাতে ছুরি আর কোন হাতে কাঁটা চামচ নিতে হয়, তা আগে জানতেন না। নিজের সাধারণ বুদ্ধি থেকে মনে হয়েছিল, যেহেতু কাঁটা চামচ দিয়ে খাবার খাবেন, তাই সেটি ডান হাতে নেওয়াই যুক্তিযুক্ত। সেই চিন্তা থেকেই ডান হাতে কাঁটা চামচ নিয়েছিলেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও লেখালেখির বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সফরের আরও অনেক অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে সেগুলো পরবর্তী সময়ে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথাও জানান তিনি।