চট্টগ্রামে ১০৭ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে সাফল্য জেলা গোয়েন্দা শাখার; পুলিশ সুপারের কার্যালয়ে হস্তান্তর।
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
মঙ্গলবার চট্টগ্রামের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল ফোন হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনার পর উদ্ধার কার্যক্রম শুরু করে জেলা গোয়েন্দা শাখা। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে নিবিড় অনুসন্ধান চালিয়ে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তাঁর দিকনির্দেশনায় হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জেলা পুলিশ জানিয়েছে।
উদ্ধার করা মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা জোরদারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র: চট্টগ্রাম জেলা পুলিশ






