ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

মাদক উদ্ধারের ঘটনায় ২৬ নারীসহ ৮৪ জন আটক, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক উদ্ধারের ঘটনায় তাঁকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অভিযানে ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় সংযুক্ত করার কথা বলা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার ওই বাড়িতে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চলে।

ডিবি সূত্রে জানা যায়, বাড়িটিতে মাদক সেবন ও ডিজে পার্টি আয়োজনের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক ৮৪ জনের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়িটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভাড়া দেওয়া হতো। সেখানে বিভিন্ন বয়সী নারী-পুরুষের যাতায়াত ছিল। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে আবদুল্লাহ আল জহিরের বক্তব্য অনুযায়ী, বাড়িটি ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়াদের নিয়মনীতি জানানো হয়েছিল। ভাড়াটিয়ারা কোনো অপরাধ করলে তার দায় তাঁদেরই নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন।