জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার পরিণতি ভালো হবে না: প্রধানমন্ত্রী

বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধীদের সংসদে এসে বিতর্ক করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা জনগণ ভালোভাবে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের চেষ্টার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করতে চায়। তবে সম্প্রতি একটি মহল বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অতীতে একটি দল মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছিল, যার ফল ভালো হয়নি। একইভাবে এখন একটি মহল ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে। জনগণ এ বিষয়টিও ভালোভাবে নিচ্ছে না।

বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কোনো বিষয়ে বক্তব্য বা আপত্তি থাকলে তা সংসদে তুলে ধরতে হবে। জনগণ তাঁদের প্রতিনিধিদের সংসদে পাঠিয়েছে। তাই সংসদে বিতর্কের মাধ্যমে জনগণ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

তিনি বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে এসে আলোচনায় অংশ নেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।