ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না: প্রধানমন্ত্রী

রংপুরে তারেক রহমানের আহ্বান, ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান

টুইট ডেস্ক: চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মতো গণঅভ্যুত্থানকেও বিতর্কিত করার চেষ্টা করছে কোনো কোনো মহল। এ ধরনের উদ্যোগ দেশের মানুষ ভালোভাবে নেয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে সংসদ গঠিত হয়েছে এবং সেখানে জনগণের প্রতিনিধিরা রয়েছেন। কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে সংসদে তা তুলে ধরতে পারেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ধর্ম, মত, বর্ণ ও পেশা নির্বিশেষে সব শ্রেণির মানুষ অংশ নিয়েছিলেন। একইভাবে গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনেও সব ধর্মের মানুষ রাজপথে নেমে এসেছেন।

তিনি বলেন, দুই-আড়াই বছর আগে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। সেই আন্দোলনে সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। তাই এ ঘটনাকে বিতর্কিত না করে এর ঐতিহাসিক গুরুত্ব ও জনগণের সম্মিলিত ভূমিকার প্রতি সম্মান জানানো উচিত।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাজার বছর ধরে এ দেশের বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছেন। ভবিষ্যতেও যেন সবাই শান্তিতে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে।

সরকারের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমান সরকার শুধু যারা ভোট দিয়েছেন তাঁদের নয়, যারা ভোট দেননি তাঁদেরও সরকার হতে চায়। দেশের সব অঞ্চলের মানুষের জন্য কাজ করা এবং অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

রাজনীতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে যে ধরনের রাজনীতি দেখা গেছে, তার পরিবর্তন আনতে সরকার কাজ করছে। এ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি জনগণ।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নের জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ দলীয় নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে দুপুর ১২টার দিকে মন্দিরে পৌঁছান তারেক রহমান। সেখানে পূজারি ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।