রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের কাছে মিলল পুকুরে যুবকের গলিত মরদেহ

পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে মৃত্যুর কারণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদ্রাসা মাঠের কাছের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর রাজপাড়া থানার শাহ মখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দক্ষিণ পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি জনসভাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে।

রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। মরদেহের সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। পুকুরে গোসল করতে নেমে তাঁর মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে নগরীর মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।