ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো, কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির

জনপ্রতিনিধির প্রকাশ্যে অস্ত্র বহানো ঠিক নয়, অপব্যবহারের আশঙ্কা রয়েছে: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তাঁর কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামীর মহানগর শাখা আয়োজিত প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা ঠিক নয়। ইশরাক হোসেনের উদ্দেশ্য ভালো হলেও অন্যরা এর অপব্যবহার করতে পারে। তবে তাঁর কাজের সমালোচনা করার কিছু নেই।
মাদক নির্মূলের বিষয়ে জামায়াত আমির বলেন, তাঁরা মাদক নিয়ন্ত্রণ নয়, নির্মূল করতে চান। সংসদে মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত আইন পাস হলেও তাঁদের লক্ষ্য মাদক নির্মূল করা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, দ্রব্যমূল্যের চাপে মানুষ অতিষ্ঠ। অথচ তা নিয়ন্ত্রণে উদ্যোগ না নিয়ে সরকার বিরোধী দলকে ঘায়েল করতে ব্যস্ত রয়েছে।






