রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনসভা শেষে রাজশাহী ধর্মসভার পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন তিনি
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ২টা ৫৫ মিনিটে রংপুর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে জনসভায় বক্তব্য দেওয়ার পর ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান রাজশাহী ধর্মসভার পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। পরে রাজশাহী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ করবেন তিনি।
এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সামরিক বিমানে রাজশাহী আসেন তিনি।
সফরসূচি অনুযায়ী, রাজশিয়ার কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সেখানে জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।






