আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব

টুইট ডেস্ক : দেবীর বোধনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে মূল দুর্গোৎসব।

পুরাণ অনুসারে, অকালবোধনের মাধ্যমে নিদ্রিত দেবী দুর্গাকে জাগ্রত করার শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। প্রচলিত নিয়মে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদ্‌যাপিত হলেও এবার তিথির কারণে উৎসব চলবে ছয় দিন। সূচি অনুযায়ী, শনিবার ও রোববার মহাসপ্তমীর পূজা, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমীর আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে রেকর্ড ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি। তবে ঢাকা মহানগরীতে সড়কের ওপর পূজার আয়োজনের অনুমতি না থাকায় মণ্ডপের সংখ্যা তিনটি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।

দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে আয়োজক ও দর্শনার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো খবরের সত্যতা যাচাই না করে লাইক, মন্তব্য বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণযন্ত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের জন্য দৃশ্যমান পরিচয়পত্র, আলাদা পোশাক ও পরিচিতিমূলক বাহুবন্ধনী নিশ্চিত করতেও বলা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত পথ অনুসরণের নির্দেশনা রয়েছে।

পূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে পুলিশ সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে ০১৩২০০০১২৯৯ ও ০১৩২০০০১৩০০ নম্বরে যোগাযোগ করা যাবে। ঢাকা মহানগর পুলিশের জন্য রয়েছে ০১৮১৭৬০২০৫০ নম্বর। এ ছাড়া ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।