ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

টুইট ডেস্ক : ডেঙ্গুর বিস্তার রোধে দেশবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যাচাইকৃত ফেসবুক পাতায় প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সী মানুষ অসুস্থ হচ্ছেন, অনেকে প্রাণ হারাচ্ছেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ রোগের বিস্তার কমানো এবং মানুষের প্রাণহানি রোধ করা সম্ভব।
তিনি বলেন, ঘরের আনাচকানাচ, বাড়ির আশপাশ, রাস্তাঘাট কিংবা অন্য কোনো স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই মশার প্রজননস্থল ধ্বংস করতে জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা জরুরি।
প্রধানমন্ত্রী জানান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গত প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে আসছেন। তবে ডেঙ্গু প্রতিরোধে এ উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবারকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক ব্যক্তি ও পরিবার সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে বাড়ি, বাড়ির আশপাশ এবং চলাচলের পথে মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করতে পারেন। এতে এডিস মশার বংশবিস্তার রোধ করা সহজ হবে।
দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, সবাই একসঙ্গে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ কমানো এবং বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে।






