দেশ ছাড়ার আগে বিমানবন্দরে আটকে দেওয়া হলো মাহদী হাসানকে

সব মামলায় জামিনে থাকার দাবি মাহদীর, আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ পুলিশের

টুইট ডেস্ক : বিদেশযাত্রার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদী হাসানকে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে তার বিদেশযাত্রায় বাধা দেওয়া হয় বলে বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, মাহদী হাসানকে বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়েছে। বিদেশ ভ্রমণের বিষয়ে তার ওপর আপত্তি রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মাহদী হাসান নিজেও গণমাধ্যমের কাছে বিদেশযাত্রায় বাধা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

মাহদীর দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়নি। এ সময় দেশের বাইরে যেতে পুলিশের পক্ষ থেকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

তবে কী কারণে তার বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।