টিউশনের টাকায় শিক্ষার্থীদের সিনেমা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে ঘিরে পরিচয় সংকট, পারিবারিক চাপ ও প্রেমের গল্প নিয়ে দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে ‘অন্যপাতা’।
টুইট প্রতিবেদক: টিউশনের আয়, পকেটমানি আর চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন,এই তিনকে পুঁজি করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থীর প্রায় দুই বছরের শ্রমে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘অন্যপাতা’।এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটি আসছে দুর্গাপূজায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ঘোষণা পোস্টার, দৃশ্যচিত্র এবং মূল পোস্টার। শিগগিরই প্রকাশ করা হবে ছবিটির প্রচারণাচিত্র ও গানচিত্র।
ছয়জনের একটি ছোট দল দিয়ে ‘অন্যপাতা’র যাত্রা শুরু হয়েছিল। পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হতে থাকলে নির্মাণ দলটি ৪০ জনের বেশি তরুণ-তরুণীর বড় একটি দলে পরিণত হয়। পড়াশোনার পাশাপাশি নিজেদের উপার্জিত অর্থ ব্যয় করেই তারা এগিয়ে নিয়েছেন চলচ্চিত্রের কাজ।
ভর্তি-সংগ্রামের গল্প
‘অন্যপাতা’র গল্পের কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়কার জীবন। ভর্তি-সংগ্রামের মধ্যে শিক্ষার্থীদের পরিচয় সংকট, পারিবারিক প্রত্যাশা, বাস্তবতার কঠিন মুখোমুখি হওয়া এবং ছাত্রজীবনের প্রেম,সবকিছুই উঠে এসেছে এতে।
ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে দরিদ্রতার সঙ্গে লড়াই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখা এক তরুণ। ভর্তি পরীক্ষার কঠিন সময়ের মধ্যেই তার জীবনে আসে ভালোবাসা। বাস্তব জীবনের দুটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটি নির্মাণ করেছেন পরিচালক ও চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি।
পরিচালকের ভাষ্য, দেশের অধিকাংশ শিক্ষার্থীর জীবনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংগ্রামময় অধ্যায়গুলোর একটি। সেই সময়ের অভিজ্ঞতা অনেক দিন পর্যন্ত তাদের মনে থেকে যায়। ‘অন্যপাতা’য় সেই সংগ্রামী সময়ের একটি মিষ্টি অভিজ্ঞতাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এক ঘণ্টা ৪০ মিনিটের ছবিটিতে থাকছে ছয়টি মৌলিক গান। পাশাপাশি থাকবে আবহসংগীত এবং চট্টগ্রামসহ বাংলাদেশের প্রকৃতির নান্দনিক উপস্থাপন। বর্তমান প্রজন্মের কথাবার্তা ও জীবনযাপনের ছাপও রাখা হয়েছে গল্পে।
স্বপ্নপূরণের আরেক সংগ্রাম
নির্মাতাদের জন্য চলচ্চিত্রটি শুধু একটি গল্প বলার প্রয়াস নয়, বরং নিজেদের স্বপ্ন বাস্তবায়নেরও দীর্ঘ সংগ্রাম। পড়াশোনার ব্যস্ততার মধ্যেই সময় বের করে শুটিং, সম্পাদনা ও অন্যান্য কাজ করতে হয়েছে তাদের।
অর্থসংকটও ছিল বড় বাধা। তবু টিউশনের আয় ও পকেটমানি থেকে অর্থ জোগাড় করে ধাপে ধাপে নির্মাণকাজ এগিয়ে নিয়েছেন তারা।
প্রযোজক চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ ও বুয়েট শিক্ষার্থী সামস আবতাহী ইসমামের মতে, ‘অন্যপাতা’র গল্প দর্শকদের কাছে পরিচিত মনে হলেও এটি উপস্থাপনের অভিজ্ঞতা ভিন্ন। বর্তমান প্রজন্মের ভাষা ও ভাবনার ছাপ থাকলেও সব বয়সী দর্শকের কাছেই ছবিটির সরল ও মিষ্টি গল্প ভালো লাগবে বলে আশা করছেন তারা।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। আরও অভিনয় করেছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন ও রোবেনসহ অনেকে।
শিল্প নির্দেশনায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইন্দ্র নীল। চিত্রগ্রহণ করেছেন ইব্রাহিম বিন আনছারী। ছয়টি গানের সংগীত পরিচালনা করেছেন ফাহরিয়াজ তাসজিম মনন। আবহসংগীত তৈরি করেছেন আইনান। ছবির নির্মাণ-পরবর্তী কাজ ও রঙ সম্পাদনা করেছেন চুয়েট শিক্ষার্থী তানভীর জানি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান আহমদ রনি ছিলেন অভিনয়শিল্পী নির্বাচনের দায়িত্বে। সার্বিক নির্মাণ ব্যবস্থাপনায় ছিলেন এইচএসসি শিক্ষার্থী সুদীপ্ত পাল।
দুই বছরের শ্রম, অর্থসংকট ও পড়াশোনার চাপ পেরিয়ে শিক্ষার্থীদের এই চলচ্চিত্র এখন বড় পর্দায় আসার অপেক্ষায়। দুর্গাপূজায় ‘অন্যপাতা’ মুক্তির মধ্য দিয়ে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হতে যাচ্ছে এই তরুণ নির্মাতাদের। শিগগিরই প্রকাশ পাওয়ার কথা রয়েছে ছবিটির প্রচারণাচিত্র ও গানচিত্র।






