সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদের আসন শূন্য ঘোষণা

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার পর পদত্যাগ; ১ অক্টোবর থেকে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা

টু্ইট ডেস্ক: বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি) পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে বিজ্ঞপ্তি জারি করে আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ১ অক্টোবর তারিখেই আসনটি শূন্য হয়েছে।

ফেরদৌসী আহমেদের পদত্যাগের পেছনে রয়েছে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা। গত ২৪ সেপ্টেম্বর রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিবসহ সরকারি ও দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ লিখেছেন, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় সংরক্ষিত মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন।

নির্বাচন কমিশনের মতে, সংরক্ষিত নারী আসন শূন্য হলে আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটি যে দল বা জোটের কোটায় ছিল, সেই দল বা জোটই নতুন প্রার্থী মনোনীত করতে পারবে।

সূত্র: জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি, ইত্তেফাক।