স্পিকারের সঙ্গে মিষ্টির বৈঠক

পদত্যাগের প্রশ্নে সরাসরি কিছু বলেননি; বলেছেন, ‘তদন্ত হোক’, বিএনপির সিদ্ধান্তই চূড়ান্ত।
টুইট প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে তিনি জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে যান। সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থানের পর সংসদ ভবন থেকে বেরিয়ে যান।
সাক্ষাতের পর সংসদ ভবনের টানেলে সাংবাদিকেরা তাঁর পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ফেরদৌসী আহমেদ মিষ্টি সরাসরি কোনো উত্তর দেননি। স্পিকারের সঙ্গে কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’
পরে গাড়িতে ওঠার সময় সাংবাদিকেরা আবার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তাঁর সঙ্গে দেখা করেছি।’ পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত হোক।’
একই সঙ্গে বিএনপির সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’
জাতীয় সংসদ ও বিএনপির সূত্রের ভাষ্য, পদত্যাগের বিষয়েই স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার আগে স্পিকার বিএনপির দলীয় অবস্থান সম্পর্কে আরও নিশ্চিত হতে চাইছেন বলে সূত্রগুলো জানিয়েছে।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে দলীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাতে তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। দ্রুত পদত্যাগ না করলে দলীয়ভাবে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, নিরপেক্ষ তদন্ত হচ্ছে এবং কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্রের ভাষ্য, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগের সঙ্গে দলের নেতা-কর্মীদের নাম আসায় বিষয়টি দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য সামনে এসেছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তের ফলের ওপর নির্ভর করছে। স্পিকারের সঙ্গে আজকের সাক্ষাতের পরও ফেরদৌসী আহমেদ মিষ্টি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কথা নিশ্চিত করেননি।






