এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি

বাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনা ও তদন্তের মধ্যেই সংসদ সদস্য পদ ছাড়লেন তিনি

টুইট ডেস্ক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান।

গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগও সামনে আসে।

তবে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।

এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। কমিটি বিলুপ্তির পর তার দলীয় ও সংসদ সদস্য পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।