সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

পুরোনো সরঞ্জামের নির্ভরতা কমিয়ে আধুনিকায়ন ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব

টুইট ডেস্ক: পুরোনো যন্ত্রপাতি ও সরঞ্জামের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

কমিটির পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে সেনাবাহিনীর নির্মাণাধীন অবকাঠামোতে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, কলেবর সম্প্রসারণ, আধুনিকায়ন ও প্রশিক্ষণের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৫টি দপ্তর ও সংস্থার কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। কমিটির সদস্যরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।