জিপিএ-৫ উৎসবে শিক্ষার্থীদের স্বপ্ন

সৎ ও সুনাগরিক হওয়ার প্রত্যয়, ঢাকার আয়োজনে প্রায় ১০ হাজার কৃতী শিক্ষার্থী

টুইট প্রতিবেদক: সাভার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আজ মঙ্গলবার বসেছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মিলনমেলা। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে আয়োজিত এ উৎসবে ঢাকা জেলার প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে নিজেদের স্বপ্ন ও প্রত্যয়ের কথাও তুলে ধরেছে তারা।

উৎসবে শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়,ভবিষ্যৎ উজ্জ্বল করতে তারা কোন তিনটি কাজ করতে চায়। এ প্রশ্নের উত্তরে অনেকেই নিজেদের লক্ষ্য ও মূল্যবোধের কথা লিখে কাগজে সাঁটিয়ে দেয়।

কৃতী শিক্ষার্থী আমির হানজালা লিখেছে, সুযোগ পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়। ভালোভাবে পড়াশোনা করে মা-বাবার গর্ব হওয়ার পাশাপাশি সৎ, দক্ষ ও সুনাগরিক হওয়ার প্রত্যয়ও জানিয়েছে সে। আরেক শিক্ষার্থী জারা জোসি লিখেছে, ‘একজন সৎ মানুষ হতে চাই’। নিজের লক্ষ্য অর্জনের পাশাপাশি মায়ের সব স্বপ্ন পূরণ করাকেও জীবনের অন্যতম উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছে সে।

প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষাবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় দেশের ৬৪ জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ জিপিএ-৫ উৎসব আয়োজন করা হচ্ছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ উৎসবে সংবর্ধনা দেওয়া হচ্ছে।

ঢাকা অঞ্চলের দুই দিনের আয়োজনের প্রথম দিন আজ সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে। আগামীকাল বুধবার ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার ১০ হাজারের বেশি কৃতী শিক্ষার্থী এতে অংশ নেবে।
সাফল্যের সঙ্গে আনন্দও

উৎসবস্থলে শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে নানা বিনোদন ও জ্ঞানভিত্তিক আয়োজন। বিভিন্ন স্টলে রয়েছে ভার্চুয়াল বাস্তবতার খেলা, কিশোর আলোর নানা আয়োজন, বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা, প্রশ্নোত্তর ও বিভিন্ন ধরনের খেলা। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উপহারও পাচ্ছে।

জিপিএ-৫ পাওয়া দুই বন্ধু ইফতেশাম ইসলাম ও জালাল আকবর ইউসুফ একসঙ্গে উৎসবে এসেছে। দুজনই রাজধানীর বিএএফ শাহীন কলেজে ভর্তি হয়েছে। তাদের ভাষ্য, এমন আয়োজন সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।

ভালো মানুষ হওয়ার প্রত্যাশা অভিভাবকদের
শিক্ষার্থীদের সাফল্যের আনন্দে অভিভাবকেরাও অংশ নিয়েছেন। মায়ের সঙ্গে অনুষ্ঠানে আসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী ফাইজা মাহজাবিন এবার জিপিএ-৫ পেয়েছে।

তার মা তামান্না ফারহানা বলেন, দূর থেকে মেয়েকে নিয়ে অনুষ্ঠানে আসতে কষ্ট হলেও আয়োজন দেখে সেই কষ্ট আর মনে হয়নি। তাঁর প্রত্যাশা, মেয়ে সবার আগে ভালো মানুষ হবে এবং দেশ, মানুষ ও সমাজের জন্য কাজ করবে।

মালিবাগ থেকে মেয়ে শাহরীন আফরিন রহমানকে নিয়ে এসেছেন সাদিয়া আফরিন। তাঁর মতে, সাফল্যকে এভাবে উদ্‌যাপন করা হলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো করার উৎসাহ পাবে।

খিলগাঁও থেকে মেয়ে আনিকা নাওয়ার আহসানকে নিয়ে উৎসবে এসেছেন সাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কামরুল আহসান। তাঁর মেয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছে। কামরুল আহসানের প্রত্যাশা, তাঁর মেয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, অন্যদের সহযোগিতা করবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের গান, আড্ডা ও বিনোদনের জন্য থাকছেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, তানজিম সাইয়ারা তটিনী, ইয়াশ রোহান এবং সংগীতশিল্পী দোলা রহমান ও ইমন চৌধুরী।

শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি সাফল্য ও ভবিষ্যৎ স্বপ্নকে একসূত্রে মিলিয়ে দিচ্ছে।