বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

বিরল রোগ, বন্ধ্যত্ব ও জিন থেরাপির ওষুধে মিলবে শতভাগ শুল্কমুক্ত সুবিধা

টুইট ডেস্ক: বাংলাদেশসহ ১৯টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষ ওষুধ ও এসব ওষুধের উপকরণে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে এসব দেশের পণ্যে নতুন সুবিধা কার্যকর হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ১৯টি দেশের তালিকা ফেডারেল নিবন্ধনে প্রকাশ করেছে। তালিকায় থাকা দেশগুলো ছাড়া অন্য দেশ থেকে নির্দিষ্ট বিশেষ ওষুধ ও এর উপকরণ আমদানিতে মূল্যের সমপরিমাণ শতভাগ শুল্ক দিতে হবে।

এর আগে গত ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টকৃত ওষুধ, জৈবপ্রযুক্তিভিত্তিক ওষুধ এবং সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে শতভাগ শুল্ক আরোপের আদেশ দেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এসব ওষুধের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নতুন শুল্ক সুবিধার আওতায় বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, কোষ চিকিৎসা, জিন চিকিৎসা, অ্যান্টিবডি-ভিত্তিক ওষুধ এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রয়েছে। এসব ওষুধ তৈরির উপকরণও সুবিধার আওতায় থাকবে।

শুল্কমুক্ত সুবিধা পাওয়া ১৯টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তাসংক্রান্ত চুক্তি থাকা বা ভবিষ্যতে চুক্তি হওয়ার সম্ভাবনা থাকায় এসব দেশকে শুল্ক সুবিধার তালিকায় রাখা হয়েছে।