রংপুরে শতবর্ষী বেগম রোকেয়া বিদ্যালয়ে অগ্নিকাণ্ড

চিলেকোঠা থেকে আগুনের সূত্রপাত, পুড়েছে দুটি শ্রেণিকক্ষের আসবাবপত্র; প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে অবস্থিত শতবর্ষী সরকারি বেগম রোকেয়া প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
আগুনের ধোঁয়া ও আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের নবনির্মিত দোতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে যথারীতি পাঠদান চলছিল। হঠাৎ ভবনের ওপরের অংশের চিলেকোঠায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় পুরো বিদ্যালয় আচ্ছন্ন হয়ে গেলে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা দ্রুত নিচে নামতে গিয়ে হুড়োহুড়ি শুরু করে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দোতলার দুটি শ্রেণিকক্ষের বেঞ্চ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সালমা সুলতানা ও সাকিব জানায়, তারা দোতলায় ছিল। আগুন দেখতে পেয়ে দ্রুত নিচে নেমে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাঈদা পারভীন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ আগুন লাগিয়েছে কি না, কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও জানা যায়নি।
ঘটনার পর মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সহকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে মনে করছেন না। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
বেগম রোকেয়ার স্মৃতিবিজড়িত শতবর্ষী এ শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।






