পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১১

খাইবার পাখতুনখাওয়ায় বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে হামলা, আহত প্রায় ৩০; দায় স্বীকার টিটিপির

টুইট ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় এ হামলা ঘটে।

পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সড়কের পাশে থাকা পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালায় আত্মঘাতী হামলাকারী। বিস্ফোরণে হতাহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটি এক বিবৃতিতে এ হামলার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার বেশ কয়েকটির দায় টিটিপি এবং নিষিদ্ধ বালুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) স্বীকার করেছে। বিএলএ মূলত বালুচিস্তান প্রদেশে সক্রিয় এবং পাকিস্তান থেকে অঞ্চলটির বিচ্ছিন্নতার দাবি করে আসছে।

টিটিপি আফগান তালেবান থেকে পৃথক একটি সংগঠন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আফগানিস্তানে ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ডে টিটিপি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। তবে আফগান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।