মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

নিউইয়র্কে বৈঠকে মানবিক সহায়তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা
টুইট ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং আন্তর্জাতিক অংশীদারি জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বৈশ্বিক মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর সহযোগিতা বাড়ানোর বিষয়ও গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর ২৩ সেপ্টেম্বরের কর্মসূচিতে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের একটি অনুষ্ঠানে অংশ নেওয়া এবং জলবায়ু পরিবর্তন ও ন্যায়সঙ্গত রূপান্তর নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তাঁর প্রথম সাধারণ বিতর্কের ভাষণ।






