এশিয়ান গেমস শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জাপান সফরে ওসিএ সভাপতির সঙ্গে বৈঠক, বাংলাদেশি খেলোয়াড়দের খেলা দেখলেন সেনাপ্রধান
টুইট ডেস্ক: ২০তম এশিয়ান গেমস উপলক্ষে চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাতে তিনি জাপান থেকে দেশে প্রত্যাবর্তন করেন।
সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ করেন এবং তাদের উৎসাহ দেন।
সফরকালে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন। এ ছাড়া বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
উচ্চপর্যায়ের এসব বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।







