পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি টিকাদান; ২৬ সেপ্টেম্বর থেকে আবারও দেশব্যাপী বিশেষ কর্মসূচি

টুইট ডেস্ক: দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে প্রায় ২ কোটি শিশু টিকা পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুত টিকাদান কর্মসূচি হাতে নেয় সরকার। প্রথম ধাপে ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান শুরু হয়। দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় কর্মসূচি সম্প্রসারণ করা হয়। পরে ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান শুরু হয়, যা এখনও চলমান রয়েছে।

দেশে হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আবারও ব্যাপক পরিসরে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এর মূল লক্ষ্য থাকবে কোনো শিশু যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের কর্মসূচিতে প্রাথমিকভাবে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এখন পর্যন্ত ১ কোটি ৯৭ লাখের বেশি শিশু টিকা পেয়েছে। টিকাদানের হার দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৮ শতাংশে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শিশু টিকা পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ এবং চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬, সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ এবং বরিশালে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ শিশু টিকা পেয়েছে।

সিটি করপোরেশনগুলোর মধ্যেও ব্যাপকসংখ্যক শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬৩ হাজার ৫৯ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকাদান একটি চলমান প্রক্রিয়া। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়ার উদ্যোগ সরকারের বাড়তি তৎপরতার অংশ। এর প্রধান উদ্দেশ্য হলো কোনো শিশু যাতে টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করা।