কম আয়ের মানুষের জন্য জ্বালানি ভর্তুকি দিচ্ছে পাকিস্তান

মোটরসাইকেল, রিকশা ও ৮০০ সিসি পর্যন্ত গাড়ির মালিকরা পাবেন সুবিধা; ১৬-১৭ সেপ্টেম্বর রাত থেকে দেশব্যাপী কার্যকর।

বিশ্ব‌ ডেস্ক: উপসাগরীয় পরিস্থিতির কারণে পেট্রোলিয়াম পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে কম আয়ের ও মধ্যবিত্ত জনগোষ্ঠীকে স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় মোটরসাইকেল, রিকশা এবং গাড়ির মালিকদের জ্বালানি ভর্তুকি দেওয়া হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি ভর্তুকি কর্মসূচির বাস্তবায়ন, নিবন্ধন ও জনসচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মসূচির আওতায় মোটরসাইকেল, রিকশা এবং ৮০০ সিসি পর্যন্ত গাড়ির মালিকদের জ্বালানি ভর্তুকি দেওয়া হবে। ভর্তুকির সুবিধা পেতে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় এসএমএস পাঠানোর খরচও মওকুফের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইসলামাবাদের বাসিন্দাদের জন্য জ্বালানি ভর্তুকি কর্মসূচি ১৪ ও ১৫ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাত থেকে শুরু হবে। আর আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানসহ পাকিস্তানের সর্বত্র পেট্রোলের ওপর এই ত্রাণ সুবিধা ১৬ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাত থেকে পাওয়া যাবে।

প্রধানমন্ত্রী ইসলামাবাদের প্রধান কমিশনার, আইজি এবং প্রশাসনের কর্মকর্তাদের মাঠে উপস্থিত থেকে জনগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিবন্ধনসহ ভর্তুকি পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিটি ধাপে জনগণকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

শাহবাজ শরিফ দেশের বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদেরও এ কাজে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবকদের জনগণের জ্বালানি ভর্তুকি কর্মসূচিতে নিবন্ধন সম্পন্ন করা এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করতে হবে।

প্রধানমন্ত্রী কর্মসূচি নিয়ে ব্যাপক গণসচেতনতামূলক প্রচারাভিযান চালুরও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব প্ল্যাটফর্মে দ্রুত ও ব্যাপকভাবে প্রচারণা চালাতে হবে।

যোগ্য সর্বোচ্চসংখ্যক নাগরিক যাতে জ্বালানি ভর্তুকির সুবিধা পান, তা নিশ্চিত করতে সব ধরনের বিদ্যমান সম্পদ কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মসূচির সফল বাস্তবায়নে জনগণকে সময়মতো তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে দেওয়া এক ব্রিফিংয়ে জানানো হয়, কর্মসূচি চালুর পর থেকে আজ দুপুর পর্যন্ত শুধু ইসলামাবাদ অঞ্চলে ৬ লাখের বেশি এসএমএস পাওয়া গেছে। এর মধ্যে ৪২ হাজার ৯৩৩ জন আবেদনকারী সফলভাবে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ কর্মসূচিতে নিবন্ধিত হয়েছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, জ্বালানি ভর্তুকি কর্মসূচিতে নিবন্ধনের জন্য মাত্র চারটি তথ্য প্রয়োজন হবে। এগুলো হলো—জাতীয় পরিচয়পত্র নম্বর, গাড়ির নম্বরপ্লেট, গাড়িটি যে প্রদেশে নিবন্ধিত সেই প্রদেশের নাম এবং গাড়ি নিবন্ধনের তারিখ।

জ্বালানি ভর্তুকি কর্মসূচির বিস্তারিত তথ্য উর্দু ভাষার ওয়েবসাইট pmfuelrelief.pk-এ পাওয়া যাবে।

বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার, ফেডারেল মন্ত্রী ড. মুসাদিক মাসুদ মালিক, আহাদ খান চিমা, মুহাম্মদ আওরঙ্গজেব, আতাউল্লাহ তারার, আলী পারভেজ মালিক, শাজা ফাতিমা খাজা, অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিলাল আজহার কায়ানি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।