লাইন ভেঙে দেড় ঘণ্টা বন্ধ রাজশাহী-ঢাকা ট্রেন চলাচল

নাটোরে রেললাইন ভেঙে তিনটি ট্রেন আটকা, মেরামতের পর বিলম্বে চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে রাজশাহী থেকে ঢাকাগামী তিনটি আন্তনগর ট্রেন আটকা পড়ে। পরে রেললাইন মেরামত শেষে বিলম্বে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস লোকমানপুর এলাকা অতিক্রমের সময় রেললাইন ভেঙে যায়। তবে ট্রেনটি নিরাপদে ওই স্থান পার হয়ে যাওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

রেললাইন ভেঙে যাওয়ার পর রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। এর মধ্যে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস হরিয়ান স্টেশনে আটকা পড়ে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক জিয়াউল ইসলাম জানান, সাগরদাঁড়ি এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। লোকমানপুর এলাকা অতিক্রমের সময় রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে দ্রুত মেরামত কাজ শুরু করা হয়।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ হয়। এরপর সকাল সাড়ে ৮টায় হরিয়ান স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। একই সময়ে রাজশাহী স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস এবং সকাল পৌনে ৯টায় সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রেললাইন ভেঙে যাওয়ার ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে মেরামত শেষে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।