পাহাড়ে উন্নয়ন ও সম্প্রীতির পথে সেনাবাহিনী, চলল ১৫ দিনের কর্মসূচি

চিকিৎসা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্রীড়া ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপকৃত শত শত পাহাড়ি-বাঙালি পরিবার।

বান্দরবান প্রতিনিধি: তিন পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৫ দিনব্যাপী ব্যাপক মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত তিন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর রিজিয়ন ও জোনসমূহের উদ্যোগে এসব কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এসব কার্যক্রমের আওতায় সরাসরি উপকৃত হয়েছেন।

সেনাবাহিনীর পরিচালিত কার্যক্রমের মধ্যে ছিল দুর্গম এলাকায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও চিকিৎসাসেবা প্রদান, শিক্ষা ও ভাষা-সংস্কৃতিচর্চার জন্য ক্লাব গঠন এবং শিক্ষা উপকরণ বিতরণ। পাশাপাশি স্থানীয় যুবকদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ ছাড়া বিভিন্ন এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় পরিবারকে আর্থিক সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো কার্যক্রম পরিচালনা করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর পাশে থেকে সম্প্রীতি, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।