রাবিতে মাইক্রোবায়োলজি বিভাগের অভিষেক-বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা

বিদায়ী শিক্ষার্থীদের স্মারক প্রদান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করলেন উপাচার্য।

রাজশাহী প্রতি‌নি‌ধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ‘অভিষেক, বিদায়, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ইমতিয়াজ হাসান।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতি স্মারক প্রদান করেন। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের অভিষেক, বিদায়ী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায়, প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারীদের স্বীকৃতি এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।