সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবহারে সীমান্ত নজরদারি বাড়ানোর উদ্যোগের প্রশংসা; সহযোগিতার আশ্বাস।

 টুইট ডেস্ক : চোরাচালান, মাদক পাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বিজিবির কর্মকাণ্ডের প্রশংসা করেছেন তিনি।

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানব পাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত রক্ষার পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধেও বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সীমান্ত রক্ষায় বিজিবিতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি। এ বিষয়ে বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।