রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় সরকারি হাসপাতালের চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ

ছবি: এক্স

ঢাকায় দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ৭৬ জন

টুইট ডেস্ক: রাসায়নিক দুর্ঘটনায় হতাহতদের দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি), সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকার ব্যবস্থাপনায় ৩০ ও ৩১ আগস্ট এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রাসায়নিক শিল্পাঞ্চলের কাছাকাছি অবস্থিত সরকারি হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সদের রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে প্রথম ধাপে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল রাসায়নিক দুর্যোগ বা দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতালগুলোর দক্ষতা ও প্রস্তুতি বাড়ানো।

প্রশিক্ষণে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগত কর্মকর্তাসহ মোট ৭৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

দুই দিনের প্রশিক্ষণে জরুরি হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পনা, রাসায়নিক দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রাসায়নিক দূষণমুক্ত করার পদ্ধতি এবং ক্লিনিক্যাল ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের রাসায়নিক দূষণ প্রতিরোধের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাসায়নিক দুর্ঘটনার পর আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যাতে নিজেরাও দূষিত না হন, সে বিষয়ে প্রশিক্ষণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।