নতুন পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, বেতন বাড়বে চার ধাপে

দুই অর্থবছরে বাস্তবায়নের পরিকল্পনা, সেপ্টেম্বরে গেজেট জারির সম্ভাবনা
টুইট ডেস্ক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। দুই অর্থবছরে চার ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমোদনের জন্য সুপারিশগুলো সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের কথা রয়েছে।
সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার কৌশল নেওয়া হয়েছে। এর ব্যয় মূলত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমে নির্বাহ করার পরিকল্পনা রয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ সামাল দিতেও এ পদ্ধতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় ২০টি গ্রেড রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে সরকারি কর্মচারীদের একটি অংশ বৈষম্য কমাতে গ্রেডের সংখ্যা কমানোর দাবি জানিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। এতে সরকারি কর্মচারী ও পেনশনভোগীসহ মোট ২০ লাখের বেশি মানুষ সরাসরি সুবিধা পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার কথা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। এরপর আরও ৩৫ শতাংশ আগামী বছরের শুরু থেকে কার্যকর করার সুপারিশ করা হতে পারে। মূল বেতনের অবশিষ্ট অংশ পরবর্তী অর্থবছরের জুলাইয়ে এবং এরপর ওই অর্থবছরের জানুয়ারিতে বিভিন্ন ভাতা বাস্তবায়নের প্রস্তাব রয়েছে।
অর্থাৎ দুই অর্থবছরে মোট চার ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।






