তারাগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান
নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রংপুরের তারাগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শনে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও সাম্যের বার্তা রয়েছে।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের চিন্তা-চেতনা, জীবনাদর্শ ও সৃষ্টিসম্ভার তুলে ধরতে সাংস্কৃতিক প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবির সাহিত্য ও দর্শনের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্মভিত্তিক বিভিন্ন পরিবেশনায় অংশ নিচ্ছে।






