শতভাগ আবাসিকতার রোডম্যাপসহ ৫ দফা দাবিতে রাবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

আবাসন ভাতা, পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র, কার্যকর সিনেট ও রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিতের রোডম্যাপ প্রণয়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। দাবিগুলোর মধ্যে রয়েছে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা, সিনেট কার্যকর করা এবং পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দ। এর আগে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি মেহেদী হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা উপাচার্য ও উপ-উপাচার্যদের কাছে স্মারকলিপি দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে। এ সংকট নিরসনে শিক্ষার্থীদের শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট, বাস্তবসম্মত ও সময়বদ্ধ রোডম্যাপ প্রণয়ন করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নতুন আবাসিক হল নির্মাণ, বিদ্যমান হলগুলোর আসনসংখ্যা বৃদ্ধি এবং আবাসন সুবিধার মানোন্নয়নের দাবিও জানানো হয়।

আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, আবাসিক সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের আবাসন ব্যয়ের একটি অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহন করা উচিত।

স্বাস্থ্যসেবার বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে পূর্ণাঙ্গ ও আধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের দাবি জানানো হয়। এ জন্য পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, জরুরি চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান অনুযায়ী সিনেটকে কার্যকর ও নিয়মিত সক্রিয় করার দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ ও জবাবদিহির ক্ষেত্রে সিনেটের কার্যকর ভূমিকা নিশ্চিত করার কথাও বলা হয়।

সংবাদ সম্মেলন থেকে পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল দ্রুত ঘোষণার দাবি জানানো হয়। একই সঙ্গে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, এর আগেও সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হলেও প্রশাসনের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের আবাসন ও স্বাস্থ্যসেবার উন্নতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে।