রাজশাহীর ভুবন মোহন পার্কে জুয়ার আসর, গ্রেপ্তার ১০

অভিযানে ৬৬ সেট তাস, নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা ও ১১টি মুঠোফোন জব্দ।
টুইট ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ জুয়াবিরোধী টিম ও সিআরটি টিম যৌথ অভিযান চালিয়ে ১০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে।
এ সময় তাদের কাছ থেকে ৬৬ সেট তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মুঠোফোন জব্দ করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দিনগত রাত সোয়া ২টার দিকে ভুবন মোহন পার্কের ভেতরে সিটি করপোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সেখানে জুয়া খেলার সময় ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকার বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়ার মিলন সরকার (৩০), রাজারহাতা এলাকার কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়ার বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকার খোকন (৫৪), শিরোইল কলোনির হাবিবর রহমান (৬০), আইনুল হক (৫০), আব্দুল আলিম (৪৫) এবং নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের রানা (৩৭) ও মেহেরাজ (৩২)।
পুলিশের ভাষ্য, অভিযানে ৬৬ সেট তাসের পাশাপাশি জুয়া ও বাজি খেলার বিভিন্ন মুঠোফোনভিত্তিক অ্যাপসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন মুঠোফোন এবং নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শহরের অন্যতম পরিচিত জনসমাগমস্থল ভুবন মোহন পার্কের ভেতরে এমন জুয়ার আসর পরিচালনার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। জনসমাগমপূর্ণ এলাকায় জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






