অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ঠিকমতো কাজ করছে না: হাসনাত আবদুল্লাহ

‘সরকারদলীয় কয়েকজন সদস্য কমিটিকে অলংকারিক হিসেবে নিয়েছেন’; সিদ্ধান্ত ছাড়াই শেষ দ্বিতীয় বৈঠক।
নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি।
রোববার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার, কর-জিডিপি অনুপাতসহ চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তারা এসব বিষয়ে ইতিবাচক অবস্থান নিলেও সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতার কারণে কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি অভিযোগ করেন, কমিটির সভাপতি না হয়েও চিফ হুইপ বৈঠকে অযাচিত হস্তক্ষেপ করেন। সরকারদলীয় সদস্যরা বৈঠকে আন্তরিক না হয়ে কমিটিকে ‘অলংকারিক কমিটি’ হিসেবে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত বলেন, জাতীয় সংসদে কমিটির প্রথম বৈঠকেও সরকারদলীয় কয়েকজন সদস্য জানিয়েছিলেন, তাঁরা প্রস্তুত ছিলেন না। দ্বিতীয় বৈঠকেও একই পরিস্থিতি দেখা গেছে। অর্থমন্ত্রী ইতিবাচক অবস্থান নিলেও কোনো এজেন্ডায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
ব্যবসায়ীদের হয়রানি বন্ধে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান হাসনাত আবদুল্লাহ। এর মধ্যে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার তৈরির প্রস্তাব রয়েছে।
এ ছাড়া করের আওতা বাড়ানো, কমলাপুর ডিপোর সক্ষমতা বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়েও বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান এনসিপির এই নেতা।






