বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার

প্রথম কর্মদিবসে আনুষ্ঠানিক দায়িত্ব শুরু, নির্ধারিত প্রটোকলে অভ্যর্থনা

টুইট ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার কার্যকর দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হলো।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ গ্রহণ করেন। শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

শপথ নেওয়ার পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনের পর শপথ এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।