ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা পথে সড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

টুইট ডেস্ক: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা পথে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত এই সড়ক বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের পথ তৈরি হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্ত দেন।

সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে তুলনামূলক সাশ্রয়ী ও কার্যকর বিবেচনায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল-রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা পথটি বেছে নেওয়া হয়।

সভায় প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত পথে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ গড়ে উঠবে। এতে যাতায়াতের সময় ও ব্যয় কমার পাশাপাশি পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।

নদীবেষ্টিত ভোলা দীর্ঘদিন ধরে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নৌপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। নতুন সড়ক যোগাযোগ চালু হলে এই নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।