নাটোরে বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

হরিশপুরে মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা; বাস রেখে পালালেন চালক

নিজস্ব প্রতিবেদক : নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের হরিশপুর রামাইগাছি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের বনকুড়ি গ্রামের হাসান আলীর ছেলে অটোভ্যানচালক আবু সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়া এলাকার জমশেদের ছেলে সাব্বির (২৩)।

ঝলমলিয়া মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. জাকির হোসেন দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে আবু সাইদ ও সাব্বির অটোভ্যানে করে হরিশপুরের দিকে যাচ্ছিলেন। তারা হরিশপুর রামাইগাছি সেতু এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী তাফসির পরিবহনের একটি বাস পেছন থেকে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও যাত্রী ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসচালক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে হরিশপুর বাস টার্মিনালে রেখে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

ঝলমলিয়া মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। বাসচালককে আটক করতে অভিযান চলছে।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য আতঙ্ক ও যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে পুলিশ তদন্ত করছে।