৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, আগামীকাল ভোট

জাতীয় সংসদে ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য; প্রতিদ্বন্দ্বিতায় মির্জা ফখরুল ও অলি আহমদ

টুইট ডেস্ক: জাতীয় সংসদে আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে যাচ্ছে এবার।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হলেও কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে ভোটগ্রহণের পদ্ধতি ও প্রস্তুতির বিস্তারিত জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ভোট শুরুর আগে নির্বাচনকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। এরপর শুরু হবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোটার সংখ্যা মোট ৩৪৯ জন। ব্যালট পেপারের দুটি অংশ থাকবে-মুড়ি অংশ ও মূল ব্যালট। মুড়ি অংশে ভোটদানকারী সংসদ সদস্যের নাম, ক্রমিক নম্বর ও বিভক্তি নম্বর থাকবে। নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর সংসদ সদস্য মূল ব্যালট গ্রহণ করবেন।

মূল ব্যালটের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী থাকবে। নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষরের মাধ্যমে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে ভোট গণনা। গণনা শেষে বৈধ ও বাতিল ভোটের হিসাব করা হবে। যে প্রার্থী বেশি বৈধ ভোট পাবেন, নির্বাচনকর্তা তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।