পাঠদানের সময় বিদ্যালয় বন্ধ: আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দুর্গাপুরে ইউএনওর আকস্মিক পরিদর্শনে তিন শিক্ষাপ্রতিষ্ঠান তালাবদ্ধ, সংশ্লিষ্ট প্রধান ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ।

নিজস্ব প্রতিবেদক (দুর্গাপুর), রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে সরকারি নির্ধারিত পাঠদানের সময়ে বিদ্যালয় ও মাদ্রাসা তালাবদ্ধ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে উপজেলা একাডেমিক সুপারভাইজারকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে বের হন। এ সময় তাঁরা পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম আলিম মাদ্রাসা ও দেবীপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় সরকারি নির্ধারিত কর্মঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানগুলো তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। অথচ সরকারি নিয়ম অনুযায়ী এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ইউএনও উম্মে হাবিবা ফারজানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার কারখানা হলো স্কুল-মাদ্রাসা। পাঠদানে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে মনিটরিং করা হবে।