রাষ্ট্রপতি নির্বাচন: বৈধ হলো কর্নেল অলির মনোনয়ন

১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির; ২০ আগস্ট সংসদে ভোট
টুইট ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর ১২টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করার কথা রয়েছে।
ইসি জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।
একাধিক প্রার্থী শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকলে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির একটি এবং ১১ দলীয় ঐক্যের দুটি মনোনয়নপত্র রয়েছে। অলি আহমদের মনোনয়ন বৈধ হওয়ায় একই জোটের অন্য মনোনয়নপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।






