পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার ঢল

মির্জাপুরে পোনা অবমুক্ত ও বিতরণ; কিশোরগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

টুইট ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে সেখানে পৌঁছে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। তাকে একনজর দেখতে হাজারো মানুষ জড়ো হন।

সফরসূচি অনুযায়ী, এরপর প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিকেলে কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে কিছু সময় বিরতি নিয়ে পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।