রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে নিহত ৪

মানিকছড়িতে ভোরের দুর্ঘটনা; হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু, তদন্তে পুলিশ
টুইট ডেস্ক: রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৬ আগস্ট) ভোরে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের ওপর উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
নিহতরা হলেন—নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকার শোভা চাকমা (৫২), কৃষ্ণমাছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহতরা হলেন পিকআপচালক নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকার জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও রাঙামাটি শহরের পিটিআই এলাকার সুমন চাকমা (৪৫)। তারা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আবু ফয়সল জানান, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান হাসপাতাল ও মর্গ পরিদর্শন করেন। তিনি নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
রাঙামাটি কোতোয়ালি থানার এসআই মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।






