বেগম খালেদা জিয়ার জন্মদিনে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ

সপুরায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে কর্মসূচি, আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সপুরা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের মানুষের কল্যাণে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কর্মসূচিতে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন ইকবাল ও ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার। এ সময় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি এবং সাবেক যুব নেতা রবিন-উল-হাসান জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।