জালিয়াতির অভিযোগে আইনি ঝামেলায় সেলেনা গোমেজ

বিনিয়োগকারীদের দাবি, কোটি কোটি ডলার বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন তারা

টুইট ডেস্ক: জনপ্রিয় মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ আইনি জটিলতায় পড়েছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা তার প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’-এর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ তুলে মামলা করেছেন কয়েকটি প্রতিষ্ঠান। মামলায় সেলেনার পাশাপাশি তার মা ম্যান্ডি টিফি এবং প্রতিষ্ঠানের সাবেক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনকেও অভিযুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওয়ান্ডারমাইন্ডকে বিনিয়োগকারীদের সামনে সম্ভাবনাময় ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা হলেও এর প্রকৃত আর্থিক অবস্থা ছিল ভিন্ন। বিনিয়োগ আকর্ষণের জন্য বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন মামলাকারীরা।

অভিযোগকারীদের দাবি, সেলেনা গোমেজের তারকাখ্যাতি ব্যবহার করেও প্রতিষ্ঠানটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সেলেনার বক্তব্যও বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রেখেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া প্রায় তিন বছর ধরে প্রতিষ্ঠানটি আর্থিক থাকলেও সম্ভাব্য দেউলিয়াত্বের বিষয়টি বিনিয়োগকারীদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে ‘দ্য কাট’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে ওয়ান্ডারমাইন্ডের আর্থিক ও ব্যবস্থাপনাগত সংকটের বিষয়টি সামনে আসে। এরপর বিনিয়োগকারীরা অনুসন্ধান শুরু করে আইনি পদক্ষেপ নেন।

তবে মামলায় আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিনিয়োগ করা অর্থ ফেরতসহ আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন মামলাকারীরা।