বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল, নয়াপল্টনে কেন্দ্রীয় কর্মসূচি
টুইট ডেস্ক: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি।
জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে দলটির নেতাকর্মী ও সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
খালেদা জিয়া ১৯৮১ সালে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্বে আসেন। এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তী সময়ে আরও দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। তাঁর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বর্তমানে দলের নেতৃত্বে রয়েছেন বড় ছেলে তারেক রহমান।






